বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যম হবে স্বাধীন, সাহসী ও দায়িত্বশীল। কোনো সাংবাদিককে সত্য প্রকাশের কারণে হয়রানি করা হবে না।’
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে ডা. জাহিদ বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর তুলে ধরবেন। জনগণের পাশে থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার অবশ্যম্ভাবী হবে।
হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি শাহিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক সভাপতি ডা, আলতাফ হোসেনসহ হাকিমপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার নানা সমস্যা, গণমাধ্যমের চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।