চট্টগ্রামে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার, চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। এ সময় পেশাদার গাড়ি চোর চক্রের মূল হোতা দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) কক্সবাজার সদর মডেল থানার মেরিন ড্রাইভ রোড থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে চট্টগ্রামের কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন।
পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর রাতে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে থেকে একটি প্রাইভেট কার চুরি হয়। এই ঘটনায় গাড়ির মালিক ডা. কামরুদ্দিন চৌধুরী কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর কোতোয়ালি থানা ঘটনাটি তদন্ত শুরু হয়। তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, চোরাই গাড়িটি কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ এলাকায় রয়েছে।
এরপর অভিযান চালিয়ে মো. রাসেল ও মো. হোসাইন ওরফে আহম্মদ হোসাইন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে চুরি হওয়া প্রাইভেট কার, গাড়ির কাগজপত্র এবং চুরির কাজে ব্যবহৃত দুটি মাস্টার কী উদ্ধার করা হয়।
উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের পেশাদার গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা আরো জানায়, চুরির পর গাড়িটি প্রথমে রামু উপজেলার পানিরছড়া এলাকায় রাখা হয়।
পরে বিক্রির উদ্দেশ্যে মেরিন ড্রাইভ এলাকায় নিয়ে আসা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তার মো. রাসেলের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক গাড়ি চুরির মামলা রয়েছে। চলতি বছরের আগস্ট মাসেও একটি প্রাইভেটকার ও মাস্টার কীসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
কমেন্ট বক্স