২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

অসুস্থ হওয়ায় ২ শিশুকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা!

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৯:২০:২৫ অপরাহ্ন
অসুস্থ হওয়ায় ২ শিশুকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা!
চট্টগ্রামের আনোয়ারায় অসুস্থ দুই শিশুকে সড়কের পাশে ফেলে রেখে চলে গেছেন তাদের স্বজনরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবিকতার অভাবে শিশুদের এভাবে ফেলে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার পিএবি সড়কে এ ঘটনা ঘটে। 

প্রচণ্ড শীতের মধ্যে চার বছর বয়সী শিশু আয়শাকে তার ছোট ভাইকে আগলে ধরে বসে থাকতে দেখা যায়। স্থানীয়দের প্রশ্নের জবাবে আয়শা জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তার নাম আয়শা এবং ছোট ভাইয়ের নাম মোরশেদ।

তাদের বাবার নাম খোরশেদ আলম ও মায়ের নাম ঝিনুক। আয়শার ভাষ্য মতে, তাদের খালা মা-বাবার কাছ থেকে এনে সড়কের পাশে রেখে চলে যান।
খবর পেয়ে স্থানীয় হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রামের সিএনজিচালক মহিম উদ্দিন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বলেন, ‘সন্ধ্যার পরও দেখি শিশুরা রাস্তায় বসে আছে।

মানুষ জড়ো হচ্ছিল। কথা বলে বুঝতে পারি তারা খুবই অসহায়। পরে আমি তাদের নিজের বাসায় নিয়ে যাই এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানাই।’

 
মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘দুই শিশুই অসুস্থ ছিল। ছোট শিশুটি শারীরিকভাবে প্রতিবন্ধী।

রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বাভাবিক হয়। আমাদের ধারণা, অসুস্থতার কারণেই স্বজনরা তাদের ফেলে রেখে গেছে।’
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, ‘সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ ও সমাজসেবা বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ