মানিকগঞ্জের শিবালয়ে নিউ আরিচা ১২৩/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইজার পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাওয়া গ্রিডে ব্যবহৃত ৩'শ কেজি তামার তার ও ডাকাতিকালে ব্যবহারিত ৫ টন ট্রাক উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ডাকাত দলের একজনকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং গতকাল অপর দুইজনকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তাররা হলেন— জামালপুর সদরের সুরুজ মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩৯), জামালপুরের ইসলামপুরের হুরমুজ শেখের ছেলে মো. রতন শেখ (৩২) ও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের মৃত আবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ৮ তারিখে রাতে শিবালয়ের বরংগাইলে অবস্থিত নিউ আরিচা পাওয়ার গ্রিডে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময়ে ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল গ্রিডের নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে কপার মেস, আর্থিং মেস, কপার প্লেটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম লুটে নেয়। ডাকাতিকালে ডাকাত দল সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে। এ সময় ডাকাতদের হামলায় এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন।
এ ঘটনায় শিবালয় থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে পুলিশ ৩'শ কেজি তামার তার উদ্ধারসহ গত মঙ্গল ও বুধবার রাতে পৃথক অভিযানে ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেপ্তার করে ।
শিবালয় থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া ২০টি মোবাইল ফোন, একটি মনিটর, একটি ইউপিএস, হাত-পা বাঁধার কাজে ব্যবহৃত ছেঁড়া গামছার টুকরা ও রশি উদ্ধার করা হয়েছে।
এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, গ্রেপ্তারদের আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের খুঁজতে মাঠে কাজ করছে পুলিশ।