অপেক্ষা ফুরাল, কিন্তু হাসিমুখে মাঠ ছাড়া হলো না রিশাদ হোসেনের। বিগব্যাশ ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই যে মুদ্রার উল্টো পিঠ দেখলেন বাংলাদেশি অলরাউন্ডার। জয় দিয়ে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হওয়া রিশাদ আজ হার দেখলেন।
হারটাও বড় ব্যবধানের।
মেলবোর্ন স্টারসের বিপক্ষে আজ ৮ উইকেটে হেরেছে রিশাদের দল হোবার্ট হ্যারিকেনস। মার্কাস স্টয়নিসের অলরাউন্ডার পারফরম্যান্সে ২৪ বল হাতে রেখে জয় পায় মেলবোর্ন। হারার আগে হোবার্টের সাফল্য বলতে রিশাদের নেওয়া ২ উইকেট।প্রতিপক্ষকে ১৫৯ রানের লক্ষ্য দিয়ে উদ্বোধনী জুটি ভাঙতে পারছিল না হোবার্ট।
পাওয়ার প্লের শেষ ওভারে বল হাতে নিয়ে থমাস রজার্স ও জো ক্লার্কের জুটি ভাঙেন রিশাদ। ওপেনার রজার্সকে ব্যক্তিগত ৩০ রানের সময় সতীর্থ নিখিল চৌধুরির ক্যাচ বানান রিশাদ। তাতে বিগব্যাশে প্রথম উইকেটের দেখা পান রিশাদ। প্রথম ম্যাচে ৩ ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট না পাওয়া লেগস্পিনার পরে আরেকটি উইকেট নিয়েছেন।
ফিরতি ওভারে আরেক ওপেনার ক্লার্ককে ফেরান রিশাদ। ২০ রান করা ক্লার্কের ক্যাচ নেন রাইলি মেরেডিথ। সবমিলিয়ে ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রিশাদ। ব্যাট হাতে ১ চারে ৫ রানে অপরাজিত ছিলেন রিশাদ। দলীয় ৫৮ রানে দুই ওপেনারকে হারানো মেলবোর্নকে আর পেছনে ফিরতে দেননি ক্যাম্পবেল কেলাওয়ে ও স্টয়নিস।
তৃতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ে মেলবোর্নকে জয় এনে দেন ক্যাম্পবেল ও স্টয়নিস। সামনে থেকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক স্টয়নিস ছিলেন বেশ আক্রমণাত্মক। যার প্রমাণ পাওয়া যায় তার ৬২ রানের ঝোড়ো ইনিংসে। ২০০.০০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ২ ছক্কায়। অন্যদিকে ২৭ বলে ৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ক্যাম্পবেল।
ব্যাটে ঝড় তোলার আগে বোলিংয়ে জাদু দেখিয়েছেন স্টয়নিস। দলে হয়ে সবচেয়ে কিপ্টে বোলিং করেছেন অধিনায়ক। ৩ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ব্যাট-বলের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় হোবার্ট। দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে চতুর্থ উইকেটে ৮৩ রানের জুটি গড়ে দলকে দেড় শ ছাড়ানো সংগ্রহ এনে দেন বেন ম্যাকডারমট ও টিম ডেভিড। তবে ৩১ রানে অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড আউট হতেই আবারও ধাক্কা খায় হোবার্ট। শেষ পর্যন্ত হোবার্ট ১৫৮ রানের সংগ্রহ পায় ৬৯ রান করা ম্যাকডারমটের সৌজন্যে। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পিটার সিডল।