২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী নতুন কমিটির ৫০ জনের পদত্যাগ

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৫:১৪:৪১ অপরাহ্ন
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী নতুন কমিটির ৫০ জনের পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির ২০৪ জনের মধ্যে ৫০ জন পদত্যাগ করেছেন। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। 

এর আগে ২৮ নভেম্বর রাতে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এদিকে নবনির্বাচিত আহ্বায়কের নেতৃত্বে ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে সিরাজগঞ্জ শহরে আনন্দ মিছিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নতুন কমিটিতে যেসব ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড, মাদক সংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এ ধরনের ব্যক্তিদের সঙ্গে একই কমিটিতে থাকা তাদের নীতি ও মূল্যবোধের পরিপন্থি বলেই তারা সরে দাঁড়িয়েছেন। 

তাদের দাবি, ঘোষিত অবৈধ কমিটি বাতিল করে পুনরায় আলোচনা সাপেক্ষে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় পদত্যাগের সংখ্যা আরো বাড়বে।


 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পদত্যাগী সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, আধাম আদৃত, সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা ও যুগ্ম মুখ্য সংগঠক আঞ্জারুল ইসলাম প্রমুখ।

এদিকে ঘোষিত কমিটির আহ্বায়ক মোন্তাসির মেহেদী হাসান বলেন, ‘৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ৯ মাস অতিক্রম করেছে। যে কারণে কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি দিয়েছে। শুক্রবার রাতে কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের নিয়ে শনিবার সকালে সিরাজগঞ্জ শহরে বিশাল আনন্দ মিছিল করেছি।

’ 
মেহেদী আরো বলেন, ‘নবগঠিত কমিটির নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ৫০ জন পদত্যাগ করার কথা বলা হলেও ওই সংবাদ সম্মেলনে মাত্র ১৮ জন উপস্থিত ছিলেন।’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ