তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের আজ ১৩ বছর হলো। দিনটি উপলক্ষে সোমবার (২৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের কারখানার সামনে হতাহত শ্রমিক পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯টায় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির পক্ষ থেকে কারখানা ফটকের সামনে আগুনে পুড়ে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে সমাবেশ ও মিছিল করা হয়।
এসময় আহত শ্রমিকরা সেখানে উপস্থিত হয়ে তাদের মনের কষ্টের কথা জানান। তাঁরা তাজরীনে হতাহত শ্রমিক পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবি জানান।
শ্রমিক নেতাদের অভিযোগ, এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সরকার ও বিজিএম-এর কাছ থেকে মেলেনি তেমন কোনো সহায়তা। পুনর্বাসন ও সুচিকিৎসা পাননি হতাহতরা।
এদিকে, মূল হোতা কারখানার মালিক দেলোয়ারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় হতাশ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
২০১২ সালের ২৪ শে নভেম্বর সন্ধ্যা ৬ টা৪৫ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।