জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পাঁচ ভিন্ন স্থানে মশাল মিছিল করেছে। গতকাল সোমবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ৪ ঘণ্টার ব্যবধানে সদর উপজেলার ছিলারচর, ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকায় এসব মিছিল বের করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে সদর উপজেলার ছিলারচর এলাকার বড় সেতুর ওপর ১৫ থেকে ১৭ জন ব্যক্তি মশাল হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তাঁদের হাতে একটি ব্যানারও দেখা যায়।
এর কিছুক্ষণ পর দিবাগত রাত একটার দিকে ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকার গ্রামীণ সড়কে আরো চারটি আলাদা মশালমিছিল বের হয়।
আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আমরা বিভিন্ন মিডিয়ায় বিষয়টি দেখেছি। মূলত শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন মশালমিছিল করে প্রতিবাদ করছে বলে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি।