নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলারডুবিতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত দুই যুবকের নাম রনি সরদার ও শুভ। রনি সরদার বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং শুভ একই এলাকার স্বপন মৃধার ছেলে।
উপজেলার বৈদ্যেরবাজার সোনাময়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে ভর্তি করা হয়। পরে ট্রলারটি মাঝ নদীতে নোঙর করে ঘুমিয়ে পড়ে। এ সময় তলা ফেটে ট্রলারটি পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধারের চেষ্টা করে।
বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়।