সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পে কমিশনের সদস্যরা এখন শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন।
গত ৩০ অক্টোবর বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষে এখন তারা সব প্রস্তাব ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করছেন।
তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সরকারের মেয়াদে নতুন পে স্কেল কার্যকর নাও হতে পারে।
বিশ্লেষকরা বলেন, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, কমিশনের মেয়াদ আছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকার এখন একদিকে নির্বাচনের চাপে, অন্যদিকে কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতেও চাপে রয়েছে।
এর আগে, পে কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানিয়েছিলেন, কার্যক্রম দ্রুতগতিতে চলছে, আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সুপারিশ জমা দিতে পারব। তবে কমিশনের এক সদস্য জানিয়েছেন, আমাদের দায়িত্ব সুপারিশ দেওয়া পর্যন্ত, বাস্তবায়নের নয়।
আর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, সরকার চায় এই মেয়াদেই নতুন পে স্কেল কার্যকর করতে।