জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে এ বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি।
শুক্রবার (৩১ অক্টোবর) দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি বলেন, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতাপ্রাপ্ত হয়।
সিআইডির এই কর্মকর্তা বলেন, গতকাল (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭নং আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন। সেই আদেশের ভিত্তিতে সিআইডি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।