গাজীপুরের কালিয়াকৈরে কয়লাভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুনছের হোসেন মঞ্জু নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় অপর দুজন আহত হয়েছে।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনছের হোসেন মঞ্জু (২০) ঢাকার ধামরাই উপজেলার বাগমারা এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালক মুনছের হোসেন মঞ্জু আজ শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে আমতলী থেকে কালিয়াকৈর বাজারের দিকে আসছিলেন। অটোরিকশাটি কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কে কান্দাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক হতে আসা কয়লাভর্তি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মুনছের হোসেন মঞ্জু নিহত হন। এ সময় অপর ২ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক পিকআপভ্যান আটক করে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’