পিরোজপুরে সড়ক ও জনপথ বিভাগে কর্মরত দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োজিত বেতন চার মাস বন্ধ থাকার প্রতিবাদে এবং বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন করা হয়েছে। সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পিরোজপুর সড়ক ও জনপথ কার্যালয়সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মহসীন শেখ প্রমুখ।
বক্তারা বলেন, সওজের মাস্টাররোল শ্রমিক-কর্মচারীদের আনুষঙ্গিক প্রতিষ্ঠান কোড থেকে মাস ভিত্তিতে বেতন দিতে হবে।
বক্তারা আরো বলেন, সওজে কর্মরত মাস্টাররোল শ্রমিক-কর্মচারীদের দৈনিক সাময়িক নীতিমালা ২০২৫-এ অন্তর্ভুক্তি বাতিল করতে হবে। সব শ্রমিক-কর্মচারীর পদ নিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে হবে।