ঢাকায় তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবঞ্জে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের বিশ্বরোড মোড়ে এ কর্মসূচি পালন করে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি।
কর্মসূচির এক পর্যায়ে শিক্ষকরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের উপর ব্যানার হাতে দাঁড়িয়ে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তব্য দেন সমিতির জেলা সভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, শাহ নেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী, শিক্ষক আব্দুল হামিদ, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম ও মেহেদী হাসানসহ প্রমুখ।
তারা বলেন, ২০ শতাংশ বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে শিক্ষকরা আন্দোলন করছেন। আমরা শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাই। তারা আরো জানান, আগের ফ্যাসিষ্ট সরকারের মত এই সরকারও শিক্ষকদের দমন করছেন। অথচ শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যেতে চায়।
কর্মসূচিতে জেলার ৫ উপজেলার কলেজ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।