জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।
রবিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির অবস্থান ধর্মঘটে সংহতি জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
সরোয়ার তুষার বলেন, ‘আমরা যে প্রতীক চাইছি, সেই প্রতীক তারা (ইলেকশন কমিশন) আমাদের দেবে না। কিন্তু তারা নাকি আমাদের ওপর একটি প্রতীক চাপিয়ে দেবে।
তিনি বলেন, ‘এ নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান, তাহলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এ ধরনের অন্যায় আচরণ বন্ধ করুন। আপনারা যে আচরণ করছেন, তা থেকে মনে হচ্ছে, আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, তার পথে সবচেয়ে বড় বাধা এ নির্বাচন কমিশন। তারা চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক।
তিনি আরো বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সব সময় শিক্ষকদের যেকোনো ন্যায্য দাবির পক্ষে ছিলাম এবং আছি। শহীদ মিনারে যখন শিক্ষকরা এসেছিলেন অনশনে, তাদের ওপর পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, আমরা তখনও তাদের পাশে ছিলাম এবং আজও আছি। এখানে এসে আপনাদের দাবি আদায় করতে হচ্ছে এর চেয়ে দুঃখজনক আর কোনো ব্যাপার আমাদের সামনে নেই।’
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যে দাবি তা ন্যায্য, এটিতে এ সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এ সরকার আমাদের সবার সমর্থনে গঠিত হয়েছে এবং এ সরকারে আমরা যাদের বসিয়েছি তারা আপনার দাবির প্রতি মনোযোগী হওয়া উচিত।