ফরিদপুরের পদ্মা নদীতে ভেসে আসা শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর ওপাড়ে চর এলাকায় কবিরপুর খেয়াঘাট দিয়ে ভেসে যাওয়ার সময় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চেয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটির বয়স আনুমানিক ছয় থেকে সাত বছরের মধ্যে হবে।
স্থানীয় গ্রাম পুলিশ হজরত চৌধুরী জানান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে শ্রমিকরা নদীভাঙন রোধে বালিভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় উজান থেকে (রাজবাড়ী, দৌলতদিয়া) ভেসে আসার সময় মরদেহটি প্রথমে দেখতে পাওয়া যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা জানান, মরদেহটি উদ্ধারের পর পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। মৃত শিশুটিকে এলাকাবাসী কেউ চিনতে পারেনি। পদ্মা নদীর উজান রাজবাড়ীর মজলিসপুর, ধোলাই কিংবা দৌলতদিয়া এলাকা থেকে মরদেহটি ভেসে আসতে পারে বলে ধারণা তার।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, কবিরপুর খেয়াঘাটের কাছে মরদেহ উদ্ধারের কথা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।