ওয়ার্ডভিত্তিক সার ডিলার নিয়োগ না দিয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জুবলীঘাট এলাকায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ অঞ্চলের সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ময়মনসিংহ ইউনিটের সাধারণ সম্পাদক এস এম বাবুল।
লিখিত বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা জানিয়েছেন সারের ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ শিগগিরই প্রণয়ন হতে যাচ্ছে। এটাকে আমরা যুগোপযোগী সিদ্ধান্ত মনে করছি। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি ইউনিয়নভিত্তিক তিনজন করে ডিলার নিয়োগের খসড়া প্রস্তুত করা হয়েছে। আমরা দীর্ঘ ৩০ বছর ধরে সার ডিলাররা সুনামের সঙ্গে কাজ করে আসছি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিদ্যমান নীতিমালার আলোকে ডিলারশিপ প্রথা বহাল এবং যৌক্তিক কমিশন বাড়ানো না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।