২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না : ইশরাক

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:৫৯:০২ অপরাহ্ন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না : ইশরাক

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন রাজনীতিতে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে জাতীয় নির্বাচনে এর বিন্দুমাত্র প্রভাবও পড়বে না।’

শুক্রবার (১৭ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইশরাক বলেন, ‘বিগত ১৭ বছর পর একটি ফ্যাসিবাদী সরকারের পতনের ফলে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য যে রাষ্ট্র কাঠামো সংস্কার প্রয়োজন তা করার মতো রাজনৈতিক শক্তি, মেধা ও প্রজ্ঞা বিএনপির রয়েছে।

 
মতলবে এসে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প দেখে অনুপ্রাণিত হয়েছি। ঢাকাতেও এ রকম বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করব।’

 

তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী নিরীহ মানুষের ওপর যখন হত্যাযজ্ঞ চালায়, তখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল। কিন্তু মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের আহ্বান জানান।

 
তখন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়।’

 

তিনি আরো বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান যদি দেশে এসে ৩১ দফা বাস্তবায়নের সুযোগ পান, তাহলে বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে রূপান্তর করবেন যেখানে ধনী-গরিব, জাতি-ধর্ম নির্বিশেষে সবাই নাগরিক সেবার আওতায় আসবে। তারেক রহমান প্রত্যেক প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হেলথ কার্ড চালুর ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে মানুষ বিনামূল্যে ভালো চিকিৎসা পাবে।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ইশরাক বলেন, ‘১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

 
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে দেশে-বিদেশে ৮০০ বাড়ি পাওয়া গেছে। যদি এই টাকা দেশে থাকত, তাহলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রয়োজন হতো না।’

 

ইশরাক আরো বলেন, ‘আগামী নির্বাচনকে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তবে বাংলাদেশের জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করবে এবং সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, ‘আমি যদি দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের সুযোগ পাই তাহলে, বৃহত্তর মতলবের স্বাস্থ্য ব্যবস্থাকে বাংলাদেশের মডেল করব।

 
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হেলথ সেন্টারগুলোতে শতভাগ চিকিৎসক নিশ্চিত করা হবে। পাশাপাশি মতলবে একটি টেকনিক্যাল কলেজ ও নার্সিং কলেজ স্থাপন করবো।’

 

তিনি আরো বলেন, ‘এই মতলবে কোনো মাদক কারবারি, চাঁদাবাজ, বালুখোর বা ভূমিদস্যুর ঠাঁই হবে না। মতলব হবে আধুনিক ও নিরাপদ উপজেলা।’

এ সময় আরো উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট এস এম মফিজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেনসহ প্রমুখ।

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ