ফরিদপুরের নগরকান্দায় ইয়াবা ট্যাবলেটসহ মো. সুলতান মাহমুদ মন্টু (৪৫) নামের যুবলীগের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মন্টু কাইচাইল গ্রামের মৃত নান্নু মাতুব্বরের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মন্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সুলতান মাহমুদ মন্টুর কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, যৌথ বাহিনী মন্টুকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।