আজ বৃহস্পতিবার সকালেই ফিলিস্তিনে নিহত ৯৮
আপলোড সময় :
১৪-০৮-২০২৫ ১২:১৭:৩৭ অপরাহ্ন
বৃহস্পতিবার ভোর থেকে গাজার বিভিন্ন স্থানে ইসরাইলের নৃশংস হামলায় কমপক্ষে ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ইসরাইল অবরুদ্ধ উপত্যকার উত্তরাঞ্চলে হামলা আরও জোরদার করেছে। শুধু গাজা শহরেই এদিন নিহত হয়েছেন ৬১ জন। বুধবার গাজা শহরের উত্তর দিকে ত্রাণ বিতরণের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছিল এমন কিছু মানুষের ওপর ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হন। খাবারের সন্ধানে মরিয়া হয়ে ঘুরে বেড়ানো কমপক্ষে ৩৭ জনকে ইসরাইলি বাহিনী গুলি করে হত্যা করেছে। দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী এর মধ্যে রাফাহর উত্তর দিকে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ১৬ জন নিহত হয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় ইসরাইল আরোপিত অনাহার ও অপুষ্টিতে তিনটি শিশুসহ মারা গেছেন কমপক্ষে ৮ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর থেকে অনাহার-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫। এর মধ্যে ১০৬ জন শিশু।
কমেন্ট বক্স