বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ঢাকা-১০ আসনের নানান ধরনের সমস্যা নিয়ে স্মারকলিপি দেন ব্যারিস্টার অসীম।
এরপর তিনি সাংবাদিকদের বলেন, যারা দল নিরপেক্ষ, যারা একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন সেটা যেন বজায় রাখতে পারে, ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে। সে জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা আমরা সহযোগিতা করব।
ঢাকা-১০ সংসদীয় আসনের জনগুরুত্বপূর্ণ সাতটি সমস্যা সমাধানের জন্য তিনি ডিএসসিসি স্মারকলিপি দিয়েছেন। যা গ্রহণ করেছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
স্মারকলিপিতে উল্লাখ করা বিষয়গুলোর মধ্যে রয়েছে, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া; ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এডিস মশা নিধন ও লার্ভা ধংসের উদ্যোগ গ্রহণ; যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ ও পরিবেশ দূষণ রোধে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন; ফুটপাতে অবৈধ দোকানপাট স্থাপন বন্ধ করা; পয়ঃনিষ্কাশনের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ; সড়কগুলোতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া এবং ধানমন্ডি লেকের পানি দূষণ রোধ ও লেকের সৌন্দর্য বর্ধনে ভূমিকা পালন করা।