খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের ডাকাতদল ছোটন বাহিনীর ১ সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। আটক সাগর শেখ ওরফে জয় শীল (৪১) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনার জেলার কয়রা থানাধীন রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা এবং নৌ বাহিনী কন্টিনজেন্ট কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর ১ সহযোগীকে আটক করা হয়।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ডাকাত সহযোগী সাগর খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ছোটন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাতদলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
জব্দ অস্ত্র ও গোলাবারুদ এবং আটক আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’