সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’—প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বাস্তব প্রশিক্ষণ প্রদর্শন করেন।
সভায় বক্তারা বলেন, ‘আধুনিক প্রযুক্তি ও আগাম পূর্বাভাস ব্যবস্থার কারণে সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানি অনেকাংশে কমে এসেছে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের ধরন ও তীব্রতা দিন দিন বাড়ছে। এ জন্য শুধু সরকার নয়, জনগণকেও সচেতন ও প্রশিক্ষিত হয়ে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।
আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াছ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহসভাপতি মো. ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ওয়াদুদ গোলদার, মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইব্রাহীম, রেড ক্রিসেন্ট সোসাইটির মির্জাগঞ্জ টিম লিডার রাব্বি মল্লিক এবং মির্জাগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) মো. কাওসার আহমেদ প্রমুখ।