বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, জামায়াতে ইসলামীকে আমাদের সঙ্গে রেখে হায়েনার হাত থেকে রক্ষা করেছি। তারা আমাদের সঙ্গে থেকে সরকার পতনের আন্দোলন করেছে। কিন্তু এখন নিজের স্বার্থ হাসিলের জন্য একটি পদ্ধতির কথা বলছে, সেটি হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি এদেশে চলবে না।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে জামালপুরের সানন্দাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে সানন্দাবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, যেহেতু তারা (জামায়াত) কোনো আসনে জিততে পারবে না, তাই পার্সেন্ট নিতে কৌশলে রিপ্রেজেন্টেশন চান। এটার নাম হলো পিআর পদ্ধতি। অর্থাৎ, সারা দেশে যদি তিন শতাংশ বা পাঁচ শতাংশ ভোট পায়, তাহলে সংসদে ১৫টি আসন পাবে।
এই আসনের জন্যই তারা পিআর-পিআর করছে।
সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই কোষাধ্যক্ষ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, আমরা আর কোনো অন্যায় কাজ করতে পারব না। অতীতে যে ভুলত্রুটি হয়েছে, তার জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। মানুষের সঙ্গে মিশে তাদের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে।
রশিদুজ্জামান মিল্লাত জানান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে প্রার্থী বাছাই শুরু করেছেন। ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগ শেষ হয়েছে। এখন শুধু ঘোষণা দেবেন। ইতিমধ্যে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনে আমাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে।