চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহফুজুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর এলাকার বিজিবি সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ সদর উপজেলার হাজরাহাটী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস বিজিবি সদর দপ্তরের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি হাসপাতালের প্রাচীরে ধাক্কা দেয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলসহ মাহফুজুর রহমানসহ আরও তিনজনকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মারা যান। আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।