বুধবার জকসুর নির্বাচন কমিশন গঠন হচ্ছে না
আপলোড সময় :
০৭-১০-২০২৫ ০৬:২৫:১৫ অপরাহ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য আগামীকাল ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তবে এখনো আইন পাস না হওয়ায় আগামীকাল নির্বাচন কমিশন গঠন হচ্ছে না। তবে কার্যক্রম এগিয়ে নিতে ৫ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, আইন পাস না হওয়ায় এখনই আমরা নির্বাচন কমিশন গঠন করতে পারছি না। তবে একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হবে। পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। কমিটি নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন কাজ করবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাস হওয়া জকসুর বিধিমালা ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে আইন চূড়ান্তকরণের জন্য একটি কমিটি গঠন হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই আইন পাস হয়ে আসবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর জকসুর রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যা আইন পাস হওয়া সাপেক্ষে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। ওই রোডম্যাপ অনুযায়ী, আগামীকাল ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন এবং ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
কমেন্ট বক্স