সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের টানা ৩ ঘণ্টা চেষ্টার পর বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত পলমল গ্রুপের মালিকানাধীন আয়শা ক্লথিং লিমিটেড নামক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে।
আয়েশা ক্লথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। আনুমানিক ১২টার দিকে কারখানাটির ৮ তলা ভবনের দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দেখতে পেয়ে সেখানকার শ্রমিকেরা দ্রুত বের হয়ে যায়।
ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৪) এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরো বলেন, ভবনের দ্বিতীয় তলায় গুদাম ছিল। সেখানে প্রচুর তৈরি পণ্য ছিল। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।