এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আগামীকাল দলের অনুশীলনে যোগ দিবেন হামজা চৌধুরী। হংকং, চায়নার বিপক্ষে ম্যাচটি খেলতে আগামীকাল সকালে ইংল্যান্ড থেকে দেশে আসবেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।
বাংলাদেশে নেমে বিকালে অনুশীলনে যোগ দেবেন হামজা। শিষ্যদের নিয়ে গত কয়েক দিন ধরেই জাতীয় স্টেডিয়ামে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা।
আজ অনুশীলন শেষে কাবরেরা বলেছেন, ‘আমি মনে করি, বর্তমান পজিশনে হামজা খুবই ভালো করছে। এমনকি সবশেষ ম্যাচে অনেক সময় সে উপরে উফে খেলেছে, যেটার জন্য তাকে আমাদের সমর্থন দিতে হবে।
আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
হংকংয়ের বিপক্ষে তিন পয়েন্ট পেতে শিষ্যদের কাছ থেকে দারুণ পারফরম্যান্স প্রত্যাশা করছেন কাবরেরা। কোচ বলেছেন, ‘হংকং ম্যাচে আমরা সবার কাছে খুবই ভালো পারফরম্যান্স প্রত্যাশা করি। ঘরের মাঠে তিন পাওয়ার জন্য এবং বাছাই পেরুনোর দাবিদারদের একজন হওয়ার জন্য এটা আমাদের জন্য আরেকটি বড় সুযোগ। আমরা শেষ পর্যন্ত এর জন্য লড়তে চাই। এটাই সবার লক্ষ্য। হামজা এবং শোমিত-তাদের কাছে আমাদের প্রত্যাশা ভালো একটা প্রভাব তারা রাখবে। হামজা আগামীকাল সকালে আসবে, সবকিছু ঠিকঠাক থাকলে সে তিনটা ট্রেনিং সেশন পাবে। আর শোমিত, তার জন্য বিষয়গুলো একটু কঠিন হবে। কেননা, সে আগামী পরশু সন্ধ্যায় পৌঁছাবে, যেটা তার জন্য একটু নেতিবাচক। সে পৌঁছালে তার সঙ্গে আমরা কথা বলব এবং সে কেমনটা অনুভব করছে, সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেব।’