সুস্থ জীবনযাপনের জন্য শুধু কী খাচ্ছেন তাই নয়, কখন ও কিভাবে খাচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন ডায়েট না করলে ফিট থাকা যায় না, কিন্তু এটি পুরোপুরি ঠিক নয়। নিয়মিত সঠিক সময়ে সঠিক খাবার খাওয়াই আসল চাবিকাঠি। অনেকেই ওজন কমাতে চিনি কমিয়ে দেন বা খাবারে প্রোটিন বাড়িয়ে কার্বোহাইড্রেট কমিয়ে দেন।
সালাদ কেন গুরুত্বপূর্ণ?
পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় সালাদ রাখা শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে ডায়াবেটিস ও ওবেসিটির (স্থূলতা) মতো সমস্যায় সালাদ কার্যকর ভূমিকা রাখে। সালাদ খাওয়ার ফলে শরীরে পানিশূন্যতা হয় না, প্রয়োজনীয় ভিটামিন ও ফাইবারও মেলে সহজেই।
কখন সালাদ খাবেন?
অনেকেই দুপুরের খাবারের সঙ্গে সালাদ খান। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, সালাদ খাওয়া উচিত মূল খাবারের আগে। কারণ, খাবারের পরে সালাদ খেলে রক্তে শর্করার পরিমাণ দ্রুত বেড়ে যেতে পারে, যা ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকর। অন্যদিকে, খাওয়ার আগে সালাদ খেলে পেট ভরতে শুরু করে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।
যাদের ডায়াবেটিস আছে, তারা সালাদে রাখতে পারেন— শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, লেটুস। এইসব উপাদানে রয়েছে প্রচুর ফাইবার, পানি ও উপকারী উপাদান। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
সূত্র : বাংলা হান্ট