বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে রফিকুল ইসলাম মৃধা (৪৫) নামের এক মৌসুমি জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি এ সময় তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দের পর ধ্বংস করা হয়।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদের নেতৃত্বে উপজেলার সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন— উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন ও বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম।
আটক রফিকুল উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের মৃত আব্দুল হক মৃধার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে মৌসুমি জেলে রফিকুলকে আটকের পর জব্দ করা তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও ফারুক আহমেদ বলেন, ‘মা ইলিশ রক্ষায় বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান চালানো হবে।