দীর্ঘ প্রায় ১০ বছর পর নিজ দেশে ফিরছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক। আগামীকাল রবিবার সকাল ১১টার দিকে তিনি অস্ট্রেলিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এই নেতা অস্ট্রেলিয়ায় থাকাকালীন বিভিন্ন কূটনৈতিক কাজ করেন।
অস্ট্রেলিয়ায় রাশেদুল হকের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি ইস্যু এবং দেশের গণতন্ত্র, মানবাধিকার ইস্যুতে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট (আপার হাউস সিনেট ও নিম্নকক্ষ) এবং পার্লামেন্টের সদস্যদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা।
২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আল বেনেজি এবং পররাষ্ট্রমন্ত্রী পেনিও বিবৃতি দিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মোশন পাস এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার নিন্দা জানিয়ে পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস হয়। সর্বশেষ ৪৩ জন সিনেটর ও এমপি বাংলাদেশের নির্বাচন এবং র্যাবের বিলুপ্তি চেয়ে বিবৃতি দেন।