তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতির মুক্তির দিশারি বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জসিম উদ্দিন ভাট।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ভাট বলেন, ‘ঘোষিত ৩১ দফাগুলো বাস্তবায়িত হলে দেশে আবারও গণতন্ত্রের বিকাশ ঘটবে। মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হবে।
এ মতবিনিময়সভা পরিচালনা করেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ-ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ সুমন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি কাজী হারুনসহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। সভা শেষে টঙ্গীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনগণকে বিএনপির ৩১ দফা সম্পর্কে অবহিত করা হয়।