খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ
খাগড়াছড়ি জেলা সদর, পৌরসভা ও গুইমারা উপজেলায় প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা আজও বলবৎ রয়েছে। শনিবার দুপুর ২টা থেকে জারিকৃত এ আদেশের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে লোকজন নানাভাবে বিভিন্ন স্থানে আটকা পড়ে আছে। সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে খাগড়াছড়ি সদরে নিয়ে এসেছে নিরাপত্তা বাহিনী।
অবরোধ চলাকালে আলুটিলা ও স্বনির্ভর এলাকায় দুটি গাড়ি ভাঙচুর হয়, যার মধ্যে একটি অ্যাম্বুলেন্সও ছিল। এর আগে দফায় দফায় বিক্ষিপ্ত ঘটনার পর প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়। বর্তমানে যৌথ বাহিনী টহল জোরদার করেছে।
প্রশাসন থেকে জানানো হয়েছে, পরিস্থিতি উন্নত হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার শনিবার বিকেলে জারিকৃত পত্রে উল্লেখ করেন, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হলে প্রতিবাদে জুম্ম ছাত্ররা জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা অবরোধ ডাকে। এ সময় বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় প্রশাসন এ উদ্যোগ নেয়।
কমেন্ট বক্স